তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়ে বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ১২ কেজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছে দলটি।
সোমবার (২ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার বলেন, জ্বালানি খাতের অব্যবস্থাপনা ও বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় জনগণের ওপর চাপানো যাবে না। জনগণের ক্রয়ক্ষমতা বিবেচনায় না নিয়ে বারবার জ্বালানির দাম বাড়ানো সরকারের দায়িত্বশীলতার পরিচয় নয়।
তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ এমনিতেই দিশেহারা। এর মধ্যে এলপিজির দাম বাড়ায় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ব্যয় আরও বাড়বে।
বিবৃতিতে তিনি আরও বলেন, সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রির অভিযোগ থাকলেও বাজারে কার্যকর তদারকি নিশ্চিত করা যাচ্ছে না। আমদানিকারক, ডিলার ও খুচরা বিক্রেতাদের কমিশন বৃদ্ধির অজুহাতে ভোক্তাদের ওপর বাড়তি ব্যয়ের বোঝা চাপানো গ্রহণযোগ্য নয়।
বর্ধিত মূল্য প্রত্যাহার, সরকার নির্ধারিত দামে গ্যাস বিক্রি নিশ্চিত করা, সিন্ডিকেট ও অযৌক্তিক মুনাফা বন্ধ এবং নিয়মিত বাজার তদারকির জন্য সরকারের প্রতি দাবি জানান গোলাম পরওয়ার।












