নতুন ১১টিসহ মোট ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। অনুমোদিত এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৫৮ হাজার ৮৮ কোটি ৯২ লাখ টাকা।
বুধবার (৪ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পগুলোর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
সভা শেষে জানানো হয়, প্রকল্প বাস্তবায়নের মোট ব্যয়ের মধ্যে বাংলাদেশ সরকার নিজস্ব তহবিল থেকে ৫০ হাজার ৪১ কোটি ২০ লাখ টাকা অর্থায়ন করবে। এ ছাড়া বিদেশি ঋণ হিসেবে পাওয়া যাবে ৭ হাজার ৯৭৪ কোটি ৬৫ লাখ টাকা এবং বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে যোগান দেওয়া হবে ৭৩ কোটি ৭ লাখ টাকা।
অনুমোদিত গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর মধ্যে রয়েছে বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প, বরিশাল সিটি করপোরেশনের বিভিন্ন খালপাড় সংরক্ষণসহ পুনরুদ্ধার ও পুনঃখনন কাজ (১ম পর্ব) প্রকল্প, ইনোভেশন ফর ক্লাইমেট স্মার্ট আরবান ডেভেলপমেন্ট প্রকল্প, সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প এবং অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-০৩ (সংশোধিত)।
আইনশৃঙ্খলা ও প্রতিরক্ষা খাতের প্রকল্পে অনুমোদন পাওয়া উদ্যোগগুলো হলো বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধির জন্য দুটি পৃথক বিশেষায়িত ও অপারেশনাল যানবাহন ক্রয় প্রকল্প; ঢাকা সেনানিবাসের মঈনুল রোড আবাসিক এলাকায় ‘বি’ টাইপ অফিসার্স বাসস্থান নির্মাণ এবং জিগাতলাস্থ গাবতলা কলোনীতে সরকারি কর্মচারীদের জন্য বহুতল আবাসিক ভবন নির্মাণ প্রকল্প।
স্বাস্থ্য ও শিক্ষা খাতে অনুমোদন পেয়েছে দেশের ৫টি মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেস (ইনমাস) স্থাপন এবং শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি ৫) প্রকল্প। এ ছাড়া বিদ্যুৎ ও জ্বালানি খাতে তিতাস গ্যাস ফিল্ডে দুটি মূল্যায়ন-কাম-উন্নয়ন কূপ (তিতাস ৩২ ও ৩৩) খনন প্রকল্প এবং দুর্যোগ ব্যবস্থাপনা খাতের অধীনে গ্রামীণ রাস্তায় ১৫ মিটার দৈর্ঘ্য পর্যন্ত সেতু বা কালভার্ট নির্মাণ প্রকল্প (৩য় সংশোধিত) অনুমোদন লাভ করেছে।












