গাইবান্ধার শ্রমিক তৌফিক হত্যার সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন ডাকসু ভিপি আবু সাদিক কায়েম। আজ বুধবার (৪ নভেম্বর) নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি এ দাবি জানান। সাদিক কায়েম বলেন:

‍''গাইবান্ধার শ্রমিক তৌফিকের অপরাধ কী ছিল? সে শুধু চেয়েছিল আগুনঝরা বাজারে দুমুঠো ভাত খেয়ে বেঁচে থাকার অধিকার। এই অধিকার চাওয়ার মূল্য তাকে জীবন দিয়ে দিতে হলো।

যে সরকার বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্য নিয়ন্ত্রণ করতে পারে না, যে সরকার দফায় দফায় গ্যাসের দাম বাড়ায়, সেই সরকার শ্রমিক হত্যা করে আবার গায়ের জোর দেখায়।

আর টালবাহানা না করে অবিলম্বে প্রত্যেক শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করতে হবে। তৌফিক হত্যার সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্তমূলক বিচার করতে হবে এবং সরকারকে শ্রমিক হত্যার দায় নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। শ্রমিক মারার সরকার, আর নয় দরকার।''