জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে নিরাপদে রাখছেন। আওয়ামী লীগের নেতাদের ব্যবসাপ্রতিষ্ঠান ও সম্পদও বিএনপির নেতাকর্মীদের দখলে রয়েছে বলে দাবি করেন তিনি।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে পাবনা জেলা শিল্পকলা একাডেমিতে এনসিপির সাংগঠনিক কার্যক্রম ও স্থানীয় নির্বাচন নিয়ে মতবিনিময় সভার আগে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও শ্রমিক আন্দোলন মোকাবিলায় সরকারের ব্যর্থতা স্পষ্ট হয়েছে। তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যায্য দাবির শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়ে তিনি বলেন, সহিংসতা নয়, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে।












