দিনাজপুরের ঐতিহাসিক বড় মাঠ সর্বসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন ও রেলপথ অবরোধ করেছেন খেলোয়াড়, ক্রীড়া সংগঠক, রাজনৈতিক নেতাকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সচেতন নাগরিকরা। আগামী ১৫ দিনের মধ্যে মাঠটি উন্মুক্ত করা না হলে জেলা প্রশাসক কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে বড় মাঠ রক্ষা কমিটি।
বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বড় মাঠটি অবরুদ্ধ করে রাখা হয়েছে। ফলে দীর্ঘদিন ধরে মাঠটির স্বাভাবিক ব্যবহার থেকে বঞ্চিত হচ্ছেন খেলোয়াড়সহ সাধারণ মানুষ। ঐতিহাসিক মাঠটির অবাধ ব্যবহার নিশ্চিত করার দাবিতে স্থানীয় সচেতন নাগরিক সমাজ ও জনসাধারণ দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। অবিলম্বে মাঠটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করতে হবে।
বক্তারা আরও বলেন, দিনাজপুরের বড় মাঠ এ অঞ্চলের অন্যতম বৃহৎ ও ঐতিহাসিক ক্রীড়াঙ্গন। এখানে বিভিন্ন জাতীয় টুর্নামেন্ট, খেলাধুলা, সামাজিক অনুষ্ঠান ও বড় ধরনের জনসমাবেশ অনুষ্ঠিত হয়। এ ছাড়া দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ-শহীদ বড় ময়দানে এশিয়া মহাদেশের অন্যতম বৃহৎ ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। মাঠটির স্বাভাবিক ব্যবহার বন্ধ থাকায় ক্রীড়া ও সামাজিক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে।
তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ১৫ দিনের মধ্যে বড় মাঠ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা না হলে জেলা প্রশাসক কার্যালয় ঘেরাওসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
বড় মাঠ রক্ষা কমিটির কার্যকরী সভাপতি গোলাম নবী দুলালের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি খালেকুজ্জামান বাবু, বিএনপির সহসভাপতি আখতারুজ্জামান জুয়েল, অধ্যাপক আব্দুল জলিল, রেজাউর রহমান রিজু, অ্যাডভোকেট মেহেরুল ইসলাম, পৌরসভার সাবেক চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন লাবু, মেহেরুল্লাহ বাদল ও ডা. শহীদুল্লাহসহ অন্যরা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বড় মাঠ রক্ষা কমিটির সদস্যসচিব রেহাতুল ইসলাম খোকা।
মানববন্ধনে ধর্মপ্রাণ মুসল্লি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, আইনজীবী, শিক্ষার্থী, খেলোয়াড়, ক্রীড়া সংগঠক এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
মানববন্ধন শেষে আন্দোলনকারীরা পৌর এলাকার রেললাইন অবরোধ করেন। এ সময় বড় মাঠ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করার দাবিতে তাঁরা বিভিন্ন স্লোগান দেন।












