দিনাজপুরে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় ঘোড়াঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল মিয়াকে (৪১) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৪ নভেম্বর) সকালে ঘোড়াঘাট থানার ওসি মাহমুদ হাসান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার উজ্জ্বল ঘোড়াঘাট উপজেলার ওসমানপুর ইউনিয়নের ছয়ঘটি গ্রামের ইউনুস আলীর ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার সাগরপুর মৌজায় ৫৭ শতক জমি ক্রয় করেন উপজেলার ৩ নম্বর ইউনিয়নের কাশিয়াতলা শীতল গ্রামের বাসিন্দা রিফাত কবির চৌধুরী। জমি ক্রয়-বিক্রয়ে মধ্যস্থতাকারী ছিলেন যুবদল নেতা উজ্জ্বল।
এজাহারে উল্লেখ করা হয়, এ ঘটনায় উজ্জ্বল রিফাতের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে প্রাণনাশের হুমকিও দেয়া হয়। একপর্যায়ে ভয়ভীতি দেখিয়ে রিফাতের কাছ থেকে পাঁচ লাখ টাকা আদায় করা হয়। এছাড়া তার ব্যবহৃত মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ২০ হাজার টাকার ক্ষতি করা হয়েছে বলেও এজাহারে উল্লেখ করা হয়।
ওসি মাহমুদ জানান, এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়। পরে উজ্জ্বলকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।












