আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ‘সিং ফর হোপ’ তাদের ২৫ বছর পূর্তি উদযাপন করেছে। এ উপলক্ষে নিউইয়র্কের লিংকন সেন্টারের লিংকন রিস্তোরান্তে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশের গ্রামীণ হেলথ টেক লিমিটেডের ডিজিটাল স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম ‘সুখী’র সঙ্গে নতুন আন্তর্জাতিক অংশীদারত্বের ঘোষণা দেওয়া হয়।

২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর নিউইয়র্কে সংগীতের মাধ্যমে মানুষের মধ্যে আশা, উদ্যোম ও সংযোগ তৈরির উদ্যোগ থেকে ‘সিং ফর হোপে’র যাত্রা শুরু হয়। এর প্রতিষ্ঠাতা মনিকা ইউনূস ও ক্যামিল জামোরা গত ২৫ বছর ধরে শিল্পকলাকে জনস্বাস্থ্য, সামাজিক সংহতি ও মানুষের সামগ্রিক সুস্থতার গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে প্রতিষ্ঠায় কাজ করছেন।

অন্যদিকে, ২০২৪ সালে যাত্রা শুরু করা ‘সুখী’ একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে রোগী, চিকিৎসক, ফার্মেসি, ডায়াগনস্টিক সেন্টার, হাসপাতাল ও কমিউনিটিভিত্তিক লিংক ওয়ার্কারদের সংযুক্ত করে। বিশেষ করে গ্রামীণ ও স্বাস্থ্যসেবার সুযোগবঞ্চিত জনগোষ্ঠীর কাছে সেবা পৌঁছে দেওয়ায় গুরুত্ব দিচ্ছে প্ল্যাটফর্মটি। বর্তমানে বাংলাদেশে ৫০ লাখের বেশি মানুষ ‘সুখী’র সেবা গ্রহণ করছেন। ২০২৬ সালে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডসে এসডিজি ৩: সুস্বাস্থ্য ও কল্যাণ বিভাগে বাংলাদেশ কান্ট্রি উইনার হিসেবে স্বীকৃতি পেয়েছে ‘সুখী’।

অনুষ্ঠানে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ও সিং ফর হোপের প্রতিষ্ঠাতা বোর্ড সদস্য প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, “গ্রামীণ গ্রুপের কাজের অংশ হিসেবে আমরা বিশ্বজুড়ে বেশ কয়েকটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান গড়ে তুলেছি। এর মধ্যে সুখী সবার জন্য সহজলভ্য, সাশ্রয়ী ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করছে। আমাদের চলমান কার্যক্রমে সিং ফর হোপের জনস্বাস্থ্য ও সুস্থতা বিষয়ক মডেল যুক্ত করতে আমরা তাদের সঙ্গে অংশীদারত্ব করছি। এটি কেবল তাত্ত্বিক ধারণা নয়, বরং বাস্তব ও কার্যকর সেবা প্রদানের উদ্যোগ।”

২০২৪ সালে বাংলাদেশে ‘সুখী’র কার্যালয় পরিদর্শনের সময় শুরু হওয়া আলোচনার ভিত্তিতে এই অংশীদারত্ব গড়ে উঠেছে। এর আওতায় ‘সিং ফর হোপে’র ‘ক্রিয়েটিভ ওয়ার্কফোর্স ডেভেলপমেন্ট’ কর্মসূচির অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশি শিল্পী ও স্থানীয় নেতৃত্বস্থানীয় ব্যক্তিদের প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। ‘ট্রেন দ্য ট্রেইনার’ মডেলে প্রশিক্ষণ, অভিজ্ঞতা বিনিময় এবং স্থানীয় স্বাস্থ্যসেবা কার্যক্রমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উদ্যোগ তৈরি করা হবে।

স্বাস্থ্যসেবায় শিল্পকলার ভূমিকার স্বীকৃতি

অনুষ্ঠানে এনওয়াইসি হেলথ + হসপিটালসের আর্টস ইন মেডিসিন বিভাগের নির্বাহী পরিচালক লারিসা ডব্লিউ. ট্রিন্ডারকে স্বাস্থ্যসেবায় শিল্পকলার ভূমিকা সম্প্রসারণে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৬ সালের ‘আর্ট ফর অল অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়।

‘সিং ফর হোপে’র সহপ্রতিষ্ঠাতা ও কো-এক্সিকিউটিভ ডিরেক্টর মনিকা ইউনুস বলেন, “আমরা শিল্পকলাকে স্বাস্থ্যসেবার ধারাবাহিক ব্যবস্থার একটি অপরিহার্য অংশ হিসেবে দেখি। সৃজনশীল কর্মকাণ্ড রোগী, স্বাস্থ্যকর্মী ও তাঁদের পরিবারের সামগ্রিক সুস্থতায় সহায়তা করে।”

‘সিং ফর হোপ’ হাসপাতাল, প্রবীণদের সেবাকেন্দ্র, কমিউনিটি সেন্টার ও জনপরিসরে শিল্পকলাভিত্তিক কার্যক্রম পরিচালনা করে। সংস্থাটির মতে, অংশগ্রহণমূলক সংগীতচর্চা মানসিক চাপ ও রক্তচাপ কমাতে, মেজাজ উন্নত করতে এবং সামাজিক বন্ধন দৃঢ় করতে সহায়তা করতে পারে।

নোবেল শান্তি পুরস্কার বিজয়ীদের বিশ্ব সম্মেলনের আনুষ্ঠানিক সাংস্কৃতিক অংশীদার সিং ফর হোপ বিশ্বাস করে, শিল্পকলা মানুষকে অনুপ্রাণিত, ঐক্যবদ্ধ ও নিরাময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।