গাজীপুরসহ দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনে অর্থায়ন ও ইন্ধন জোগানোর অভিযোগ অস্বীকার করেছে তৈরি পোশাকশিল্প প্রতিষ্ঠান সাদমা গ্রুপ।
বুধবার (৪ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদপত্রে সাদমা গ্রুপ এ দাবি করে।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও পরিচালনা পর্ষদের পক্ষ থেকে দেয়া প্রতিবাদলিপিতে বলা হয়েছে, শ্রমিক আন্দোলনে উসকানি, রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি কিংবা নাশকতামূলক কর্মকাণ্ডের সাথে সাদমা গ্রুপের কোনো সংশ্লিষ্টতা নেই।
প্রতিবাদপত্রে বলা হয়, একটি অরাজনৈতিক ও দায়িত্বশীল শিল্পপ্রতিষ্ঠান হিসেবে আমরা দীর্ঘদিন ধরে তৈরি পোশাক খাতে ব্যবসা পরিচালনা করছি। প্রতিষ্ঠালগ্ন থেকেই সুনামের সাথে ব্যবসা পরিচালনার পাশাপাশি তাদের অধীনে হাজার হাজার শ্রমিকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও নিয়মিত সুযোগ-সুবিধা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি সচেষ্ট রয়েছে।’
প্রতিবাদপত্রে আরও বলা হয়, সম্প্রতি একটি সংবাদ প্রতিবেদনে সাদমা গ্রুপের পরিচালক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে শ্রমিক আন্দোলনে অর্থায়ন, উসকানি এবং রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির যোগসূত্র তুলে ধরা হয়েছে। তবে এসব অভিযোগকে সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে গ্রুপ কর্তৃপক্ষ। তাদের ভাষ্য, বাস্তবতার সঙ্গে এসব অভিযোগের কোনো সম্পর্ক নেই।
প্রতিষ্ঠানটির দাবি, একটি কুচক্রী মহল ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে এ ধরনের তথ্য ছড়াচ্ছে। সাদমা গ্রুপ সব সময় প্রচলিত আইন ও বিধিবিধান মেনে ব্যবসা পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রাখবে।
চলমান শ্রমিক আন্দোলনের কারণে প্রতিষ্ঠানটি আর্থিক ও ব্যবসায়িক ক্ষতির মুখে পড়েছে বলেও প্রতিবাদপত্রে উল্লেখ করা হয়েছে। কর্তৃপক্ষ জানায়, আন্দোলনের কারণে উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে নির্ধারিত সময়ে ক্রেতাদের অর্ডার অনুযায়ী পণ্য উৎপাদন ও রপ্তানি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সময়মতো পণ্য সরবরাহ করা সম্ভব না হলে ক্রেতাদের অর্ডার বাতিল, আন্তর্জাতিক ব্যবসায়িক সম্পর্কের অবনতি এবং বড় ধরনের আর্থিক লোকসানের আশঙ্কা রয়েছে। উৎপাদন বন্ধ বা ব্যাহত থাকায় প্রতিদিনই প্রতিষ্ঠানটিকে উল্লেখযোগ্য ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে।
প্রতিবাদপত্রে সাদমা গ্রুপ কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে আনা অভিযোগের সঠিক তথ্য যাচাইয়ের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানের ব্যবসায়িক সুনাম ও স্বার্থ ক্ষুণ্ন হয়, এমন তথ্য প্রকাশের ক্ষেত্রে সংশ্লিষ্টদের সতর্ক থাকার অনুরোধ জানিয়ে প্রয়োজনে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে।
উল্লেখ্য, গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও অসন্তোষের মধ্যে কয়েকটি শিল্পগ্রুপের বিরুদ্ধে আন্দোলনে ইন্ধন ও অর্থায়নের অভিযোগ সামনে এসেছে। তবে সাদমা গ্রুপ তাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ সরাসরি অস্বীকার করেছে।












