বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার করিমপুর ইউনিয়নের মাটিয়াপুর ও হলিমপুর গ্রামের মধ্যবর্তী মাঠে এ সংঘর্ষ হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, হলিমপুর গ্রামের এক তরুণীর সঙ্গে মাটিয়াপুর গ্রামের এক তরুণের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি তাঁরা পালিয়ে যাওয়ার পর দুই গ্রামের প্রভাবশালীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এর জেরে বুধবার দুপুরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে প্রথমে কথাকাটাকাটি হয়।
একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় এক ঘণ্টা ধরে চলা সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন। পরে তাঁদের উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।
দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. প্রশান্ত তালুকদার আহতদের চিকিৎসা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, দুই গ্রামের তরুণ-তরুণীর প্রেমের সম্পর্ক ও পালিয়ে যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এস












