সিরাজগঞ্জে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২-এর সদস্যরা। সম্প্রতি আত্মসমর্পণকারী চরমপন্থি সর্বহারা দলের সদস্যদের দেয়া তথ্য এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
বুধবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় সিরাজগঞ্জে এসআরবি-১২-এর সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
এর আগে, রোববার (১ নভেম্বর) এসআরবি-১২-এর সদর দফতরে সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ী জেলার ৬৫ জন চরমপন্থি সর্বহারা দলের সদস্য আত্মসমর্পণ করেন।
এসআরবি-১২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আতিকুর রহমান মিয়া জানান, উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের মধ্যে রয়েছে ১০৩টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, এক হাজার ১৩৬ রাউন্ড তাজা গুলি, ১৫টি ম্যাগাজিন, ৯৫টি দেশীয় অস্ত্র এবং আটটি ওয়াকিটকি।
সিরাজগঞ্জের তাড়াশ, উল্লাপাড়া ও সলঙ্গা উপজেলা এবং পাবনা জেলার সাঁথিয়া ও সদর উপজেলার আতাইকুলা এলাকা থেকে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।












