রাজশাহীর বাঘায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫-এর অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ ও কোডিনযুক্ত কাশির সিরাপ জব্দ করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) রাত ১২টা ৪০ মিনিটে উপজেলার কিশোরপুর মালোপাড়া গ্রামে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।
এসআরবি-৫-এর সদর কোম্পানির একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
জব্দ করা মাদকের মধ্যে রয়েছে ৫৩ বোতল ইস্কাফ (কোডিনযুক্ত) ও ৩৯ বোতল উইন সেরেক্স কাশির সিরাপ। এ ছাড়া ১৮০ মিলিলিটারের চার বোতল ও ৩৭৫ মিলিলিটারের পাঁচ বোতল ওল্ড মঙ্ক রাম, ১৮০ মিলিলিটারের ১০ বোতল মাউন্টেন ওক হুইস্কি এবং ৭৫০ মিলিলিটারের দুই বোতল অফিসার্স চয়েস হুইস্কি উদ্ধার করা হয়।
এসআরবি-৫-এর বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানের পর আশপাশে খোঁজাখুঁজি করেও এসব মাদকের কোনো মালিককে পাওয়া যায়নি। পরে পরিত্যক্ত অবস্থায় সেগুলো জব্দ করে জব্দ তালিকা প্রস্তুত করা হয়। উদ্ধার করা আলামত পরবর্তী সময়ে সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে বাঘা থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রাথমিকভাবে এসব মাদকের মালিক কিংবা সংশ্লিষ্ট কোনো আসামির সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় অনুসন্ধান ও অভিযান অব্যাহত রয়েছে।












