রাজশাহীর বেলপুকুরে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সিপিএসসি, এসআরবি-৫-এর একটি আভিযানিক দল। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।

শনিবার (৩১ অক্টোবর) এসআরবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে শুক্রবার (৩০ অক্টোবর) রাত ১০টা ১০ মিনিটে রাজশাহী মহানগরীর বেলপুকুর থানাধীন নাটোর-রাজশাহী মহাসড়কের বেলপুকুর গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. রিফাত হোসেন (৩৬), মো. ইব্রাহিম খান (৪০) ও মো. জামাল মিয়া (২৭)। তাঁদের সবার বাড়ি মৌলভীবাজার জেলায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবির আভিযানিক দল বেলপুকুর গোলচত্বরে চেকপোস্ট স্থাপন করে। এ সময় নেভি-ব্লু ও হলুদ রঙের একটি টাটা এসিই এক্স-২ পিকআপকে থামার সংকেত দেওয়া হলে চালক দ্রুত পালানোর চেষ্টা করেন। পরে আভিযানিক দল পিকআপটির গতিরোধ করে তল্লাশি চালায়। জিজ্ঞাসাবাদে গাড়িতে মাদকদ্রব্য থাকার কথা স্বীকার করলে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাঁদের হেফাজত থেকে ৫২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ২০ লাখ ৮০ হাজার টাকা। এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে গ্রেপ্তার ব্যক্তিদের এবং উদ্ধার করা আলামত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।