পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের সোনাপাতিল বিল এলাকায় বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ও আহত ব্যক্তিরা বিকেলে সোনাপাতিল বিলে মাছ ধরতে গিয়েছিলেন। হঠাৎ বৃষ্টি শুরু হলে তারা বাড়ির উদ্দেশে রওনা হন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। গুরুতর আহত হন আরও দুজন।

আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়ার প্রক্রিয়া চলছে।

পাবনার পুলিশ সুপার আবু আশরাফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো যাবে।