খাগড়াছড়ির রামগড়ে বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ সুপায়ন মারমা (৫০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্টের (ইউপিডিএফ) প্রসীত গ্রুপের চাঁদা সংগ্রহকারী সদস্য বলে জানা যায়। 

বুধবার (৪ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে উপজেলার প্রেমতলা এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক সুপায়ন মারমা লক্ষ্মীছড়ি উপজেলার মরমছড়ি গ্রামের মৃত রেদাচাই মারমার ছেলে।

সেনাবাহিনী জানায়, ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির সিন্ধুকছড়ি জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী নেহাত ফয়সালের নেতৃত্বে একটি টহল দল রামগড়ের দুর্গম প্রেমতলা এলাকায় অভিযান চালিয়ে সুপায়ন মারমাকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি চাঁদা সংগ্রহের বই, নগদ এক হাজার ৩১৯ টাকা, দু’টি মোবাইল ফোন, একটি দেশীয় তৈরি লোকাল গান (এলজি) ও দুটি তাজা কার্তুজ জব্দ করা হয়। পরে, রামগড় থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে আটক সুপায়নকে থানায় নিয়ে যায়।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজুর প্রক্রিয়া চলছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে উপস্থাপন করা হবে।