নওগাঁর ধামইরহাটে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের (সিএসও) অর্ধবার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) বেলা ১১টায় ডাকবাংলো সভাকক্ষে উপজেলা সুশীল সমাজের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সাব্বির আহমেদ হিরো।

ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) গো ফর ইমপ্যাক্ট প্রকল্পের আওতায় সমন্বিত পানি ব্যবস্থাপনা ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের অংশ হিসেবে সভায় উপজেলার একটি পৌরসভা ও আটটি ইউনিয়নের গত ছয় মাসের কর্মপরিকল্পনার অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি ভবিষ্যৎ করণীয় নির্ধারণ নিয়ে আলোচনা হয়।

সভায় অংশগ্রহণকারীরা নিজ নিজ এলাকার পানি ও বর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন সমস্যা, সংকট ও সম্ভাবনা তুলে ধরেন। এসব সমস্যা চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে তাঁরা একমত হন।

এ ছাড়া ইএসডিওর গো ফর ইমপ্যাক্ট প্রকল্পের আওতায় বাস্তবায়িত বিভিন্ন কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন সিএসও সদস্যরা। বিশেষ করে ধামইরহাট পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনার জন্য স্থায়ী ডাম্পিং স্টেশনের স্থান নির্ধারণ হওয়ায় তাঁরা স্বস্তি প্রকাশ করেন।

সভায় উপস্থিত ছিলেন ইএসডিও ধামইরহাট শাখার কো-অর্ডিনেটর রওশন জামাল চৌধুরী, ক্যাপাসিটি বিল্ডিং কো-অর্ডিনেটর প্রণব কুমার, সিনিয়র অফিসার পারভীন সুলতানাসহ উপজেলা সিএসও কমিটির সদস্যরা।