প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেছেন, ‘শুধু শিক্ষিত হলেই হবে না, দক্ষ ও মানবিক মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। শিক্ষার উদ্দেশ্য কেবল একটি সার্টিফিকেট অর্জন নয়, বরং শিক্ষার মাধ্যমে কতটা দক্ষতা অর্জন করা গেল, সেটিই গুরুত্বপূর্ণ। বর্তমান শিক্ষাব্যবস্থাকে সনদনির্ভরতা থেকে দক্ষতাভিত্তিক করার বিষয়ে সরকার কাজ করছে। যাতে শিক্ষাজীবন শেষ করে কাউকে বেকার বসে থাকতে না হয়।’
বুধবার (৪ নভেম্বর) দুপুরে ঝালকাঠি সরকারি কলেজের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে কলেজের মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, ‘জ্ঞান অর্জনের পরিধি বাড়াতে হবে। শুধু পাঠ্যবই পড়লেই জ্ঞান অর্জন সম্পূর্ণ হয় না। পাঠ্যবইয়ের পাশাপাশি বিভিন্ন বিষয়ের বই পড়তে হবে। পৃথিবীর নানা বিষয় সম্পর্কে জানতে হবে। জ্ঞান অর্জনের জন্য চিন্তার জগৎকে প্রসারিত করতে হবে। সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশও জ্ঞান অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’
তিনি বলেন, ‘শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকতে হবে। মাদককে না বলতে হবে। যারা মাদকের সাথে জড়িত, তাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। সবাইকে সাথে নিয়ে মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’
পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বর্জ্যের কারণে পরিবেশ দূষিত হচ্ছে এবং নানা রোগের বিস্তার ঘটছে। এ অবস্থা পরিবর্তনে সবাইকে একসাথে কাজ করতে হবে।’
তিনি শিক্ষার্থীদের প্রতি সপ্তাহে অন্তত একদিন নিজেদের ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি পরিচ্ছন্ন ঝালকাঠি গড়ে তোলার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী বলেন, ‘বড়দের শ্রদ্ধা করতে হবে, শিক্ষকদের সম্মান করতে হবে। শুধু ভালো ফলাফল করলেই চলবে না, ভালো মানুষ হতে হবে। নিজেদের মধ্যে মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধ তৈরি করতে হবে।’
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী রাষ্ট্রের দায়িত্ব নেয়ার আগেই দেশের মানুষের উন্নয়ন এবং শিক্ষা নিয়ে ভাবছেন। শিক্ষাব্যবস্থাকে আরো কর্মমুখী ও দক্ষতাভিত্তিক করার উদ্যোগ নেয়া হচ্ছে, যাতে শিক্ষার্থীরা পড়াশোনা শেষে নিজেদের যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের সুযোগ পায়।’
কলেজের শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা প্রসঙ্গে তিনি বলেন, ‘ইনডোর গেমসের ব্যবস্থা করার উদ্যোগ নেয়া হবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়াতে হবে। ক্রীড়াকে আরো এগিয়ে নিতে হবে।’
তিনি আরো বলেন, ‘আমি আশা করি, তোমরা আমাদের বয়সে পৌঁছানোর আগেই অনেক দূর এগিয়ে যাবে। তোমাদের হাত ধরেই ঝালকাঠি আরো সাফল্য অর্জন করবে। তোমাদের মেধা, জ্ঞান ও কর্মের মাধ্যমে দেশ এগিয়ে যাবে।’
কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মেরিন সুলতানা, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো: শাহাদাৎ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: বশির গাজী, ঝালকাঠি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: ইলিয়াস বেপারী এবং শিক্ষা প্রকৌশল অধিদফতরের ঝালকাঠির নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) স্নেহলতা রায়।
এ সময় স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা, কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ৪৫০ জন নবীন শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়।












