নাটোরের নলডাঙ্গায় চাহিদামতো সার না পেয়ে উত্তেজনা ও ক্ষোভ প্রকাশ করেছেন কৃষকরা। ডিলারের দোকানে সারের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়েও সার না পাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়।
কৃষকদের অভিযোগ, বরাদ্দ অনুযায়ী সার থাকা সত্ত্বেও ডিলাররা কৃত্রিম সঙ্কট তৈরি করছেন এবং পর্যাপ্ত মজুত নেই বলে কৃষকদের ফিরিয়ে দিচ্ছেন।
বুধবার (৪ নভেম্বর) উপজেলার মাধনগর বাজারসহ বিভিন্ন এলাকায় বর্তমানে সারের তীব্র সঙ্কট ও তা সংগ্রহে কৃষকদের সীমাহীন ভোগান্তি ও হাহাকারের চিত্র দেখা যায়।
এদিকে কৃষকদের অসন্তোষ ও বিশৃঙ্খলার আশঙ্কায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়। উপজেলা কৃষি অফিস ও নলডাঙ্গা থানা থেকে পুলিশ ফোর্স ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে এবং সুশৃঙ্খলভাবে সার বিতরণের ব্যবস্থা নিশ্চিত করার চেষ্টা চালায়। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
স্থানীয় কৃষকদের অভিযোগ, বর্তমানে বোরো ও রবি মৌসুমে জমিতে সারের চাহিদা প্রচুর। অনেকে ভোররাত থেকে লাইনে দাঁড়িয়ে থেকেও সার সংগ্রহ করতে পারছেন না। কৃষকরা সার নিতে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকলেও অনেকেই বিভিন্নভাবে টোকেন দিয়ে লাইনে না দাঁড়িয়েও সার নিয়ে চলে যাচ্ছে। অন্যদিকে টোকেন নিয়েও কাঙ্ক্ষিত সার না পেয়ে অনেককেই ফিরে যেতে হচ্ছে। আবার অনেকে চাষাবাদ না করলেও ভ্যান ভরে সার নিয়ে যাচ্ছে।
তাই সার বিতরণ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কৃষকরা অনুরোধ করেন, সঠিক তদারকির মাধ্যমে সার বিতরণের ব্যবস্থা করা হোক। যাতে প্রকৃত কৃষক তার চাহিদা অনুযায়ী সার পায়।
এ বিষয়ে উপজেলা কৃষিবিদ সবুজ আলী বলেন, সারের কোনো সঙ্কট নেই। সারের কোনো কৃত্রিম সঙ্কট যেন তৈরি না হয় এবং ডিলাররা যাতে সঠিকভাবে নিয়মতান্ত্রিক উপায়ে কৃষকদের মধ্যে সার বিতরণ করেন, সে বিষয়ে তদারকি জোরদার করা হয়েছে।
এছাড়া কৃষকদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে বলা হয়েছে, পর্যায়ক্রমে প্রতিটি এলাকায় পর্যাপ্ত সার সরবরাহ করা হবে।












