ওল্ড ট্রাফোর্ডে ম্যাচের ১৭ মিনিটেই দুই গোলে পিছিয়ে পড়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। দেখা দেয় আরো একটা হারের শঙ্কা। তবে সেখান থেকে ব্রাজিলিয়ান তারকা ম্যাথিউস কুনহার জোড়া গোলে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখেছে স্বাগতিকরা। 

মঙ্গলবার রাতে শেষ পর্যন্ত ৩-২ গোলে রোমাকে হারিয়েছে তারা। ম্যাচের শেষ মুহূর্তে এসে ১০ জনের দলে পরিণত হলেও জয় হাতছাড়া করেনি ম্যানইউ। টানা নয় ম্যাচ জয়হীন থাকার পর স্বস্তি ফিরল রেড ডেভিলস শিবিরে।

এদিনে ম্যাচের শুরুটা ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য দুঃস্বপ্নের মতো। মনে হচ্ছিল টানা হারের বৃত্তে আটকা দলটা আরো একটা হারের পথে আছে। ১৭ মিনিটেই জোড়া গোল হজম করে বসে তারা।

১১ মিনিটে রদ্রিগো মোরার পাস থেকে বক্সে বল পেয়ে নিচু শটে গোল করেন মাতিয়াস সোলে। ছয় মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে রোমা। বক্সের মধ্যে আয়ডেন হেভেনের হাতে বল লাগলে পেনাল্টি পায় সফরকারীরা। স্পটকিক থেকে গোল করতে ভুল করেননি ডনিয়েল মালেন। 

দুই গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকরা। তবে দ্বিতীয়ার্ধে মাঠে ফিরে ঘুরে দাঁড়ানোর দিকেই মনোযোগ দেয় ম্যানইউ। প্রত্যাবর্তনের শুরুটা হয় ব্রুনো ফার্নান্দেসের গোলে। 

৫৫ মিনিটে মাতেউস কুনহাকে ফাউল করায় পেনাল্টি পায় ম্যানইউ। ব্রুনো শট নিলে তা ঠেকিয়ে দেন রোমার গোলরক্ষক। তবে পেনাল্টি নেয়ার আগেই রোমার ব্রায়ান ক্রিস্তান্তে বক্সে ঢুকে গেলে আবার নেয়ার নির্দেশ দেন রেফারি। 

দ্বিতীয় চেষ্টায় গোল করেন ব্রুনো। এতে ব্যবধান কমিয়ে ২-১ করে ম্যানইউ। এরপর আক্রমণের ধার বাড়ায় স্বাগতিকরা। সুযোগও চলে আসে। ৮৩তম মিনিটে প্রতিপক্ষের ভুলের সুযোগ কাজে লাগিয়ে সমতা ফেরান কুনহা। 

আর তিন মিনিট পর নিজের দ্বিতীয় গোল করে ম্যানইউকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তার শট কাছের পোস্টে লেগে জালে জড়ায়। ৩ মিনিটে জোড়া গোল করে ম্যাচে অবিশ্বাস্যভাবে এগিয়ে যায় রেড ডেভিলসরা।

দ্বিতীয় গোলের পর জার্সি খুলে উদযাপন করায় হলুদ কার্ড দেখেন কুনহা। যোগ করা সময়ে আরেকটি চ্যালেঞ্জের কারণে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে। শেষ মুহূর্তে ১০ জনের দলে পরিণত হয় ম্যানইউ। তবে কুনহার লাল কার্ড জয়ে বাধা হতে পারেনি।

এই জয়ে চার ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের টেবিলের ১৭তম স্থানে উঠে এসেছে ম্যানচেস্টার ইউনাইটেড।