মুমিনুল হকের চোটে সিলেট টেস্টের আগে বাংলাদেশের ব্যাটিং অর্ডারে পরিবর্তন আসছে। তার জায়গায় তিন নম্বরে ব্যাট করতে পারেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে মুমিনুলের বদলি হিসেবে দলে ডাক পাওয়া অমিত হাসানের এই টেস্টে খেলার সম্ভাবনা কম।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে। তার আগে আজ বুধবার সংবাদ সম্মেলনে ব্যাটিং অর্ডারে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স।
মুমিনুলের অনুপস্থিতিতে তিন নম্বর পজিশনে শান্তকে দেখা যেতে পারে বলে জানিয়েছেন তিনি। সিমন্স বলেন, ‘হ্যাঁ, ব্যাটিং অর্ডারে রদবদল হওয়ার সম্ভাবনাই বেশি। খুব সম্ভবত অধিনায়ককেই তিন নম্বরে ব্যাট করতে হবে।’
টেস্ট ক্যারিয়ারে তিন ও চার— দুই পজিশনেই ব্যাট করেছেন শান্ত। তবে সাম্প্রতিক সময়ে খেলছিলেন চার নম্বরে। মুমিনুল না থাকায় আবারো পুরোনো তিন নম্বর পজিশনে ফিরতে পারেন তিনি।
মুমিনুলের বদলি হিসেবে দলে জায়গা পেয়েছেন জাতীয় ক্রিকেট লিগে দুর্দান্ত ফর্মে থাকা অমিত হাসান। সদ্য ডাবল সেঞ্চুরি করা এই তরুণ সরাসরি দলের সাথে যোগ দিলেও তাকে একাদশে দেখার সম্ভাবনা কম। সিমন্স জানিয়েছেন, অমিত দলে যোগ দেয়ার আগেই সম্ভাব্য একাদশ নিয়ে পরিকল্পনা করা হয়েছিল।
কোচ বলেন, ‘অমিত কেবলই দলের সাথে যোগ দিয়েছে। আমরা যখন পরে দল নিয়ে বসব, তখন স্কোয়াড পরিস্থিতি দেখব। তবে ও আসার আগেই আমাদের একটা দল ঠিক করা ছিল, ও এসেছে চোটের বদলি হিসেবে। তাই ওর খেলার সম্ভাবনা খুব একটা বেশি নয়।’
মিরপুরে প্রথম টেস্টে ব্যাটিং ধস ও স্পিনারদের ব্যর্থতায় হেরেছে বাংলাদেশ। সিরিজে সমতা ফেরাতে সিলেটে জয়ের বিকল্প নেই স্বাগতিকদের। ব্যাটারদের অনুশীলনের পরিশ্রম মাঠের পারফরম্যান্সে রূপ দেয়ার তাগিদ দিয়েছেন সিমন্স।
তার মতে, ডারউইন ও পাকিস্তান সিরিজের আগে যেভাবে প্রস্তুতি নিয়েছিলেন খেলোয়াড়রা, এবারো তেমন পরিশ্রম করছেন। কিন্তু ম্যাচে সেই প্রস্তুতির প্রতিফলন দেখা যাচ্ছে না।
সিলেটে তাই ব্যাটিংয়ে দায়িত্বশীলতার পাশাপাশি শান্তর নতুন পজিশনে পারফরম্যান্সের দিকেও নজর থাকবে বাংলাদেশের।












