এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সম্পূরক পরীক্ষা আয়োজনের উদ্যোগ নিয়েছে সরকার। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, আগামী ২ ডিসেম্বর পরীক্ষা শুরু হবে এবং ৩১ ডিসেম্বরের মধ্যে ফল প্রকাশ করা হবে।
মঙ্গলবার (৩ নভেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানান।
বোর্ড সূত্রে জানা গেছে, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশাপাশি ২০২৪ ও ২০২৫ সালে অকৃতকার্য শিক্ষার্থীরাও সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেতে পারেন। তবে আগের বছরগুলোর শিক্ষার্থীদের ২০২৬ সালে পরীক্ষায় অংশ নিতে হবে অথবা এ বছরের জন্য বৈধ নিবন্ধন থাকতে হবে।
নির্ধারিত শর্ত পূরণ করলে টানা দুই বা তিন বছর এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীরাও এ সুযোগ পাবেন। তবে দুইয়ের বেশি বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা সম্পূরক পরীক্ষায় অংশ নিতে পারবেন না।
আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি নভেম্বরের প্রথম সপ্তাহে পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম শুরু করার প্রস্তাব করেছে। প্রস্তাব অনুযায়ী, ৮ নভেম্বর পর্যন্ত ফরম পূরণের সুযোগ রাখা হতে পারে। এ ছাড়া ১ থেকে ২০ নভেম্বরের মধ্যে প্রশ্নপত্র প্রণয়নের কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।
পরীক্ষার তারিখ, অংশগ্রহণের যোগ্যতা ও অন্যান্য বিষয় নিয়ে বুধবার (৪ নভেম্বর) সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশের কথা রয়েছে।
এর আগে গত ৩১ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সম্পূরক পরীক্ষা আয়োজনের পরিকল্পনার কথা জানান। শিক্ষার্থীদের একটি শিক্ষাবর্ষ যেন নষ্ট না হয়, সে লক্ষ্যেই সরকার এ উদ্যোগ নিয়েছে।
এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। অকৃতকার্য হয়েছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন। এসব শিক্ষার্থীর মধ্যে নির্ধারিত যোগ্যতা পূরণকারীরাই সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।












