ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের বরণ, প্রবীণদের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে নাটোর জেলা ছাত্রকল্যাণ সমিতি। বুধবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির ১১৬ নম্বর কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনটির সভাপতি মাহমুদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. শাহাবুল ইসলাম ও অধ্যাপক ড. আব্দুর বারী, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. এ. টি. এম. মিজানুর রহমান এবং মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক আলাল উদ্দিন।

অনুষ্ঠানে সংগঠনটির সহ-সভাপতি শিবলু আহম্মেদ সাগর, কাউছার আহম্মেদ ও আমিনুল মোল্লা, সাধারণ সম্পাদক তুষার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক ইশমাম সাইফ শিহাব, দপ্তর সম্পাদক হাসিনুর রহমান আকাশ, অর্থ সম্পাদক মোহাম্মদ সবুজ, প্রচার সম্পাদক ইয়াছিন আরাফাতসহ সংগঠনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে মাহমুদুল ইসলাম বলেন, ‘নাটোর জেলা ছাত্রকল্যাণ সমিতি সবসময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে আসছে। আজ একটি ব্যাচের বিদায় এবং নতুন একটি ব্যাচের পথচলা শুরু হলো। সবার জন্য শুভকামনা রইল। আপনাদের হাত ধরে সংগঠন আরও এগিয়ে যাবে বলে প্রত্যাশা করছি।’

অধ্যাপক ড. আব্দুর বারী বলেন, ‘অক্লান্ত পরিশ্রম করে এ আয়োজন করার জন্য ধন্যবাদ জানাই। এই শিক্ষার্থীদের মধ্যেই ক্যাম্পাসে এক টুকরো নাটোর বেঁচে থাকবে। বিশ্ববিদ্যালয় জীবনে শিক্ষার্থীদের প্রথম কাজ হলো ঠিকমতো পড়ালেখা করা। আশা করি, তোমাদের ইতিবাচক কাজের মাধ্যমে নাটোর বিশ্বব্যাপী পরিচিতি লাভ করবে।’

অধ্যাপক ড. শাহাবুল ইসলাম বলেন, ‘স্কুল-কলেজ পেরিয়ে তোমরা বিশ্ববিদ্যালয়ে এসেছ। তোমাদের সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। আশা করি, তোমরা একদিন অধ্যয়নের সুফল পাবে।’