পোশাক শ্রমিকদের ন্যায্য দাবি ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের প্রতি সংহতি প্রকাশের পাশাপাশি শ্রমিকদের ওপর পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ইসলামী বিশ্ববিদ্যালয় সংসদ।

সোমবার (২ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে দেওয়া এক যৌথ বিবৃতিতে সংগঠনটির সভাপতি নূর আলম ও সাধারণ সম্পাদক তাহমিদ হাসান সজীব এ নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে তাঁরা বলেন, গার্মেন্টস শ্রমিকরা দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। অথচ ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, চাকরির নিশ্চয়তা ও মৌলিক অধিকারের দাবিতে আন্দোলন করতে গিয়ে তাঁদের হামলা ও হয়রানির শিকার হতে হচ্ছে, যা নিন্দনীয়।

নেতৃবৃন্দ বলেন, শ্রমিকদের ন্যায্য দাবির সমাধান আলোচনার মাধ্যমে না করে বলপ্রয়োগ ও দমন-পীড়ন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শ্রমিকদের শান্তিপূর্ণ আন্দোলন ও ট্রেড ইউনিয়ন করার অধিকার নিশ্চিত করার পাশাপাশি জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মজুরি এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে হবে।

বিবৃতিতে তাঁরা শ্রমিকদের ওপর সব ধরনের হামলা, নির্যাতন ও হয়রানি বন্ধ করে তাঁদের যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।