ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত প্রবন্ধ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের সেমিনার কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. সেকেন্দার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আ. খ. ম. ওয়ালী উল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম ও খতিব আশরাফ উদ্দিন খান, আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. জালাল উদ্দিন, আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. আকতার হোসেন, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. রহিম উল্লাহ, কম্পারেটিভ তাফসির বিভাগের সভাপতি অধ্যাপক ড. শহীদ মুহাম্মদ রেজওয়ান, আস-সিরাহ আন-নববিয়্যাহ বিভাগের সভাপতি অধ্যাপক ড. শফিকুল ইসলাম এবং আরবি ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুস সালাম।
এ সময় সংশ্লিষ্ট কমিটির সদস্য, প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে প্রথম স্থান অর্জন করেন শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ফাতেমাতুয জোহুরা স্নিগ্ধা। দ্বিতীয় হন আল-ফিকহ অ্যান্ড ল’ বিভাগের নওশিন শারমিলি এবং তৃতীয় হন মার্কেটিং বিভাগের নাসিম আলী।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে প্রথম স্থান অর্জন করেন ইসলামী বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী জিনিয়া আক্তার রিতু। একই শ্রেণির জান্নাতুল ফেরদৌস জ্যোতি দ্বিতীয় এবং অষ্টম শ্রেণির ফাতেমা আক্তার রোজা তৃতীয় স্থান অর্জন করেন।
সংশ্লিষ্টরা জানান, এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ সম্পর্কে জানতে এবং তা চর্চায় আগ্রহী হতে পারবে।












