রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২৬ জন কৃতী শিক্ষার্থীকে ‘প্রফেসর এ বি এম হোসেন ও শাহানারা হোসেন ফাউন্ডেশন বৃত্তি’ প্রদান করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন-১-এর সম্মেলনকক্ষে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক ও সনদপত্র তুলে দেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ ও বৃত্তির পৃষ্ঠপোষক বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সাবেক শিক্ষক ড. মঈন হোসেন।

২০২১ ও ২০২২ সালের স্নাতক (সম্মান) পরীক্ষায় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইতিহাস, অর্থনীতি এবং ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শীর্ষস্থান অধিকারী শিক্ষার্থীদের এ বৃত্তি দেওয়া হয়। প্রত্যেক শিক্ষার্থীকে ৫ হাজার টাকার চেক ও সনদপত্র প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক মামুনুর রশীদ বলেন, মেধার মূল্যায়ন না হলে মেধাচর্চা অনুপ্রাণিত হয় না। এ বৃত্তি কৃতী শিক্ষার্থীদের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি নবীনদের মেধা বিকাশেও অনুপ্রাণিত করবে। মেধার বিকাশ ও লালনে সামর্থ্যবান ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বৃত্তি, পদক ও পুরস্কার প্রদানে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের সভাপতি, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ এইচ এম আসলাম হোসেন, প্রক্টর অধ্যাপক মো. মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক এ এইচ এম খুরশীদ আলমসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।