রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় মানবিক ও বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের আবেদনের যোগ্যতা কমানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে ভর্তি কমিটি। সম্প্রতি এইচএসসি পরীক্ষার ফল তুলনামূলক খারাপ হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (১ নভেম্বর) অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত হয়। সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বেলাল হোসেন।

সিদ্ধান্ত অনুযায়ী, মানবিক শাখার শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয়সহ পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ এবং মোট জিপিএ ৬.৫০ থাকতে হবে। গত বছর এ ক্ষেত্রে মোট জিপিএ ছিল ৭.০০।

অন্যদিকে, বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ এবং মোট জিপিএ ৭.০০ থাকতে হবে। গত বছর এ শাখায় মোট জিপিএ ছিল ৭.৫০।

তবে বাণিজ্য শাখার ‘বি’ ইউনিটের আবেদনের যোগ্যতা নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। এ ক্ষেত্রেও যোগ্যতা শিথিল করা হতে পারে বলে জানিয়েছেন অধ্যাপক বেলাল হোসেন।

ভর্তি উপকমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৮ জানুয়ারি ‘বি’ ইউনিট, ৯ জানুয়ারি ‘সি’ ইউনিট এবং ১৬ জানুয়ারি ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবেদন শুরু হবে ১২ নভেম্বর, চলবে ২৭ নভেম্বর পর্যন্ত।

অধ্যাপক বেলাল হোসেন বলেন, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কোনো ক্ষতি হোক, তা তাঁরা চান না। এ বছর এইচএসসি পরীক্ষার ফল তুলনামূলক খারাপ হওয়ায় মানবিক ও বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের আবেদনের যোগ্যতা শিথিলের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভর্তি কমিটির পরবর্তী সভায় এ বিষয়ে আরও বিস্তারিত আলোচনা হবে।