ঝিনাইদহের মহেশপুর উপজেলার চাপাতলা সীমান্ত এলাকার একটি ধানক্ষেত থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নারীর বয়স আনুমানিক ৬০ বছর। প্রাথমিকভাবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) শেখ বিল্লাল হোসেন জানান, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে চাপাতলা সীমান্ত এলাকার বিলের মাঠে ধানক্ষেতে মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাঁরা মহেশপুর থানা পুলিশ ও ৫৮ বিজিবির কুসুমপুর বিওপিকে বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। নিহতের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, খবর পেয়ে বিজিবি সদস্যরাও ঘটনাস্থলে যান। তবে মরদেহটি সীমান্ত থেকে বাংলাদেশের প্রায় দুই কিলোমিটার অভ্যন্তরে পাওয়া গেছে। এ কারণে মরদেহ উদ্ধারের পর আইনগত প্রক্রিয়া সম্পন্ন করছে থানা পুলিশ।