খুলনা জেলার দিঘলিয়ায় অভিনব কায়দায় মুড়ির প্যাকেটে দুর্বৃত্তদের রাখা বোমা বিষ্ফোরণে জামায়াত নেতা এম এম মনিরুল ইসলাম (৬৩) আহত হয়েছেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) ভোর পৌনে ৬টার দিকে উপজেলার সেনহাটি কলের পুকুরের পশ্চিম পাশে জামায়াত নেতার বসতঘরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিকট শব্দ এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায, মঙ্গলবার ভোর পৌনে ৬টার দিকে ৭নং ওয়ার্ড জামায়াতের সভাপতি এম এম মনিরুল ইসলাম (৬৩) ফযরের নামায পরে মসজিদ থেকে ঘরে ফেরার সময় নিজ বসত ঘরের দরজার সামনে পলিথিনের প্যাকেটে মুড়ি দেখতে পান।
এ সময় তিনি কেউ ভুল করে বাইরে রেখেছে ভেবে প্যাকেটটি ঘরের ভিতরে নিয়ে রাখেন। মুড়ির প্যাকেটটি ঘরের ভিতর ফ্লোরে রাখার সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে। এতে জামায়াত নেতা মনিরের শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায় এবং ঘরে থাকা আসবাবপত্রে আগুন ধরে যায়। পরে স্থানীয়রা খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং জামায়াত নেতাকে উদ্ধার করে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান।
দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মুশফিকুর রহমান অভিযোগ করে বলেন, বোমার স্প্রিন্টারে আহত এস এম মনিরুল ইসলাম জামায়াতের ইউনিট সভাপতি। তার ছোট ভাই এস এম রকিব উদ্দিন সেনহাটি ৭নং ওয়ার্ডের জামায়াত মনোনীত মেম্বার প্রার্থী। মুলত মেম্বার প্রার্থীকে ভয় দেখানোর জন্য সন্ত্রাসীরা মুড়ির ব্যাগের মধ্যে বোমা রেখে যেতে পারে। তারা হয়ত ভুল করে ব্যাগটি তার বড় ভাই এস এম মনিরুল ইসলামের ঘরের দরজার সামনে রেখে গেছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে ঘটনার তদন্ত করে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানান তিনি।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অরূপ কুমার চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এলাকায় আতঙ্ক সৃষ্টি করার জন্য দূর্বৃত্তরা এ ধরনের ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছেন তিনি। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।












