ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক অবরোধ করেছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। এতে সড়কটিতে যান চলাচল ব্যাহত হচ্ছে।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবাইল কাঠেরপুল এলাকায় জড়ো হন শ্রমিকরা। পরে দুপুর ১২টার দিকে তারা ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন বলেও জানান প্রত্যক্ষদর্শীরা।

এক শ্রমিক সংগঠনের নেতা বলেন, ‘শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে নেমেছেন। ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে তারা সড়ক অবরোধ করেছেন। এ আন্দোলনে ফতুল্লার মেট্রো নিটিং, পলমল গার্মেন্টস, আবির ফ্যাশন, আজাদ-রিফাত ডাইংসহ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা অংশ নিয়েছেন।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, ‘আমরা খবর পেয়েছি। সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়েছে পুলিশ। শ্রমিকদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।’