ন্যূনতম ৩০ হাজার মজুরির দাবিতে সাভারের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন পোশাকশ্রমিকরা। এ সময় পুলিশ ও শ্রমিকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। অবরোধে ওই মহাসড়কসহ আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় তীব্র ভোগান্তর সৃষ্টি হয়েছে।
বুধবার (৪ অক্টোবর) সকাল ৮টা ৫০ মিনিটের দিকে হেমায়েতপুর বাসস্ট্যান্ড ও হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে হেমায়েতপুর-সিংগাইর রোডের পদ্মার মোড় এলাকায় স্ট্যান্ডার্ড গ্রুপের সামনে শ্রমিকরা জড়ো হয়ে সড়ক অবরোধ করেন। এ সময় পুলিশের সাথে তাদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় পুলিশের ছোঁড়া টিয়ারসেল ও রাবার বুলেটে বেশ কয়েকজন আহত হন। এছাড়াও সাভারের উলাইলে আরিচা মহাসড়কের শ্রমিক-পুলিশ সংঘর্ষের খবর পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আন্দোলনরত শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। পরবর্তীতে শ্রমিকরা হেমায়েতপুর বাসস্ট্যান্ডে আসলে পুলিশ-শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় সাভার মডেল থানার ওসি মো: সাইফুল আলম, সাংবাদিক ও শ্রমিকসহ কয়েকজন আহত হন।
বেলা পৌনে ১১টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত সড়ক অবরোধ চলছে।
সাভার মডেল থানার ওসি (তদন্ত) মোশাররফ হোসেন বলেন, ‘আমরা পথে আছি। এপিসি (সাঁজোয়া যান) নিয়ে যাচ্ছি।’
ওসি সাইফুলের আহতের ব্যাপারে জানতে চাইলে তিনি আহতের ব্যাপার নিশ্চিত করেননি। তবে কিছু একটা হয়েছে বলে জানান।
সাভার হাইওয়ে থানার ওসি মো: আসাদুজ্জামান নূর নয়া দিগন্তকে জানান, সকাল ৯টার আগ থেকে হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় শ্রমিকরা সড়ক অবরোধ করে রেখেছে।












