চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় এসএসসি পরীক্ষার একটি কেন্দ্রে ভুল সিলেবাসের ভিত্তিতে প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা গ্রহণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিন শিক্ষককে পরীক্ষার সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। বুধবার (২২ এপ্রিল) তাহমিদুর রহমান নামে এক পরীক্ষার্থী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেন। তিনি শিবগঞ্জের কয়লারদিয়ার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

অভিযোগে তিনি উল্লেখ করেন, মঙ্গলবার কানসাট সোলেমান মিয়া ডিগ্রি কলেজ কেন্দ্রে বাংলা প্রথম পত্রের পরীক্ষায় অংশ নেয়ার সময় তাকে ২০২৫ সালের পূর্ণ সিলেবাস অনুযায়ী প্রণীত প্রশ্নপত্র দেয়া হয়।

তাহমিদুর রহমান জানান, প্রশ্নপত্রে অসঙ্গতি বুঝতে পেরে তিনি তাৎক্ষণিকভাবে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের বিষয়টি অবগত করেন। তবে সংশ্লিষ্ট শিক্ষকরা কোনো ব্যবস্থা নেননি; বরং তাকে ওই প্রশ্নেই পরীক্ষা দিতে বাধ্য করা হয়। পরীক্ষা শেষে বিষয়টি নিয়ে কথা বলতে গেলে তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয় বলেও অভিযোগে উল্লেখ করেন তিনি।একই অভিযোগ করেছেন ওই বিদ্যালয়ের আরও তিন শিক্ষার্থী—তমিজ উদ্দীন, তামিম ইকবাল ও নাইম হোসেন। তারাও আগের সিলেবাসের পরিবর্তে ভিন্ন সিলেবাসের প্রশ্নপত্রে পরীক্ষা দিতে বাধ্য হয়েছেন বলে জানান।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, অভিযোগে চারজন শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হওয়ার কথা উল্লেখ করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে নিয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের সঙ্গে যোগাযোগ করা হয়েছে ও ক্ষতিগ্রস্তদের পুনর্মূল্যায়নের জন্য অনুরোধ জানানো হয়েছে।

তিনি আরো জানান, ঘটনার সময় পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে থাকা তিন শিক্ষককে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এ ঘটনায় স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। অনেকেই দ্রুত তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।