চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আম ব্যবসায়ীদের ওপর হামলা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ি ভাঙচুরের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং রহনপুর রেলস্টেশনসংলগ্ন কেডিসি পাড়া (শান্তিপাড়া) এলাকার বস্তি উচ্ছেদের দাবি জানিয়েছে উপজেলার চারটি আম ব্যবসায়ী সংগঠন। একই সঙ্গে এলাকাটিতে মাদক ব্যবসা ও অসামাজিক কার্যকলাপ বন্ধেরও দাবি জানিয়েছে সংগঠনগুলো।

শুক্রবার (৯ অক্টোবর) রহনপুর রেলস্টেশন আমবাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন আম ব্যবসায়ী উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক আতাউর রহমান বাবু।

সংবাদ সম্মেলনে বক্তারা গত মঙ্গলবার রাতে আম ব্যবসায়ীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা বলেন, আম ব্যবসায়ীদের ওপর এ ধরনের হামলা ব্যবসায়িক পরিবেশ ও জননিরাপত্তার জন্য উদ্বেগজনক। এ ঘটনায় মামলা ও আসামি গ্রেপ্তারের পরও জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

বক্তারা আরও বলেন, কেডিসি পাড়া এলাকায় মাদক ব্যবসা ও অসামাজিক কার্যকলাপ বন্ধে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এলাকাটিতে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে মাদকবিরোধী অভিযান জোরদার এবং বস্তি উচ্ছেদের দাবিও জানান তাঁরা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আসাদুল্লাহ আহমেদ, তারিক আহমেদ, আশরাফুল ইসলাম ও আলাউদ্দিন পারভেজ; জামায়াত নেতা তরিকুল ইসলাম বকুল; রহনপুর আম আড়তদার সমবায় সমিতির সভাপতি শামীম রেজা ও সাধারণ সম্পাদক নাসিরউদ্দীন; রহনপুর আমচাষি সমিতির সহসভাপতি মজিবুর রহমান ও সাধারণ সম্পাদক আবু তালেব; ব্যবসায়ী নেতা আশরাফুল ইসলাম আশরাফ; আম ব্যবসায়ী আনোয়ার হোসেন ও হাবিবুর রহমান হবি; আম আড়তদার বহুমুখী সমিতির সভাপতি আকবর আলী ও সাধারণ সম্পাদক আরিফ রেজাসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা।

প্রসঙ্গত, গত মঙ্গলবার রাতে রহনপুর বিজিবি ক্যাম্পের সামনে কেডিসি পাড়া এলাকায় হামলার ঘটনায় পাঁচজন আম ব্যবসায়ী আহত হন। এ সময় ইউএনওর গাড়িও ভাঙচুর করা হয়। এ ঘটনায় গোমস্তাপুর থানায় মামলা হয়েছে এবং মামলার কয়েকজন আসামি গ্রেপ্তার হয়েছেন।