চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর স্টেশন বাজার ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ত্রিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে মো. মজিবুর রহমান, সহসভাপতি পদে বিজয় কুমার চক্রবর্তী এবং সম্পাদক পদে মো. আব্বাস আলী নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সমিতির কার্যনির্বাহী সদস্য পদে ছয়জন নির্বাচিত হয়েছেন।

শনিবার (১০ অক্টোবর) ভোট গ্রহণ ও গণনা শেষে প্রকাশিত ফলাফলপত্র থেকে এ তথ্য জানা গেছে।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে মো. মজিবুর রহমান ২৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আশরাফুল ইসলাম পেয়েছেন ১৮৮ ভোট।

সহসভাপতি পদে বিজয় কুমার চক্রবর্তী ১৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. দুরুল হোদা পেয়েছেন ১৬৪ ভোট।

সম্পাদক পদে মো. আব্বাস আলী ২১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. তৌহিদুজ্জামান বাবু পেয়েছেন ১৮৮ ভোট।

নির্বাচনে সভাপতি পদে মো. আশরাফুল ইসলাম, মো. মজিবুর রহমান ও মো. এসরাফিল; সহসভাপতি পদে মো. সাদিকুল ইসলাম, বিজয় কুমার চক্রবর্তী ও মো. দুরুল হোদা এবং সম্পাদক পদে মো. তৌহিদুজ্জামান বাবু, মো. আব্বাস আলী ও মো. জাহিদ হাসান মুক্তা প্রতিদ্বন্দ্বিতা করেন।

কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত ছয়জন হলেন—মো. আমিন, মো. মাসুদ রানা (কমল কাদরি), মো. ফারুক আহমেদ, মো. সেলিম সরকার, মিলন আহমেদ রিপন ও আব্দুল মতিন।

নবনির্বাচিত কমিটি রহনপুর স্টেশন বাজারের ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, বাজারের ব্যবসায়িক পরিবেশ উন্নয়ন এবং সমিতির সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার দায়িত্ব পালন করবে। ব্যবসায়ীদের প্রত্যাশা, নতুন নেতৃত্ব পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে সমিতির কার্যক্রম আরও গতিশীল করবে।