প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডব্লিউএবিটাইনফোর প্রতিবেদন অনুযায়ী, অ্যান্ড্রয়েড ও আইওএসের কিছু ব্যবহারকারীর জন্য ফিচারটি চালু করা হচ্ছে। মেসেজে থাকা ফোন নম্বর, তারিখ, সময়, ইমেল ঠিকানা কিংবা সাধারণ ঠিকানা শনাক্ত করতে পারবে এটি। শনাক্ত করা তথ্যের নিচে ডটেড আন্ডারলাইন দেখা যাবে। সেখানে ট্যাপ করলে খুলবে একটি পপ-আপ মেনু, যেখানে সংশ্লিষ্ট কাজের বিকল্পগুলো থাকবে।

ফোন নম্বরের ক্ষেত্রে সেটি কপি করা, কনট্যাক্টে সেভ করা কিংবা সরাসরি কল করার সুযোগ পাওয়া যাবে। কোনো তারিখ বা সময়ে ট্যাপ করলে ক্যালেন্ডারে ইভেন্ট যোগ করা যাবে। ঠিকানার ক্ষেত্রে ম্যাপস অ্যাপে নেভিগেশন শুরু করা এবং ইমেল ঠিকানায় ট্যাপ করে সরাসরি মেল পাঠানোর সুবিধাও থাকবে।

ব্যক্তিগত ও গ্রুপ চ্যাট—দুই ক্ষেত্রেই কাজ করবে ফিচারটি। ব্যবহারকারী নিজে পাঠানো কিংবা অন্যের কাছ থেকে পাওয়া—উভয় ধরনের মেসেজে থাকা তথ্যও শনাক্ত করতে পারবে এটি।

এর মধ্যে কয়েকটি কাজ হোয়াটসঅ্যাপ থেকে অন্য অ্যাপে গিয়ে আগেও করা সম্ভব ছিল। তবে নতুন ফিচারটি প্রয়োজনীয় শর্টকাটগুলো চ্যাটের মধ্যেই এক জায়গায় এনে ব্যবহারকারীর সময় ও ঝামেলা কমাবে।

ফিচারটির প্রস্তাবিত শর্টকাট নিয়ে ব্যবহারকারীদের মতামতও জানতে চাইতে পারে হোয়াটসঅ্যাপ। সেই প্রতিক্রিয়ার ভিত্তিতে সুবিধাগুলো আরও উন্নত করা হতে পারে।

তবে হোয়াটসঅ্যাপ এখনো ‘স্মার্ট টেক্সট অ্যাকশনস’ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। বর্তমানে সীমিতসংখ্যক ব্যবহারকারীর জন্য এটি পরীক্ষামূলকভাবে চালু করা হচ্ছে এবং ধাপে ধাপে আরও ব্যবহারকারীর কাছে পৌঁছাতে পারে।

এস