সম্প্রতি নিজের নতুন সিনেমা ‘এবেনিজার’-এর প্রচারণায় এন্টারটেইনমেন্ট টুনাইট-কে দেওয়া এক সাক্ষাৎকারে ডেপ জানান, ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ সিরিজের গল্পের আরও ভালো ও স্মরণীয় সমাপ্তি ঘটানোর সুযোগ থাকলে তিনি এতে যুক্ত হওয়ার কথা ভাববেন।
অভিনেতার ভাষায়, ‘আমি সত্যিই শুধু একটাই বিষয়ে যুক্ত থাকতে চাই, আর তা হলো তাদের আরও ভালো একটি সমাপ্তি উপহার দেওয়া।’
ফ্র্যাঞ্চাইজিটির প্রযোজক জেরি ব্রুকহাইমারের সঙ্গে আবারও কাজ করার আগ্রহও প্রকাশ করেছেন ডেপ। তাঁকে ঘনিষ্ঠ বন্ধু উল্লেখ করে অভিনেতা বলেন, ব্রুকহাইমার ডাকলে আগামীকালই তাঁর সঙ্গে কাজ করতে প্রস্তুত তিনি। কাজের ধরন কী, সেটি তাঁর কাছে মুখ্য নয়; বরং বন্ধুত্ব ও পারস্পরিক আস্থাই বেশি গুরুত্বপূর্ণ।
এর আগে ২০২৫ সালের গ্রীষ্মে এন্টারটেইনমেন্ট উইকলি-কে দেওয়া সাক্ষাৎকারে ব্রুকহাইমার জানিয়েছিলেন, নতুন সিনেমা নিয়ে ডেপের সঙ্গে তাঁর আলোচনা হয়েছে। চিত্রনাট্য পছন্দ হলে ক্যাপ্টেন জ্যাক স্প্যারো চরিত্রে ফিরতে পারেন অভিনেতা। তখন তিনি আরও জানান, সিনেমাটির চিত্রনাট্য তৈরির কাজ চলছে এবং নির্মাতারা উপযুক্ত গল্প খুঁজছেন।
২০০৩ সালে ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: দ্য কার্স অব দ্য ব্ল্যাক পার্ল’ সিনেমার মাধ্যমে ক্যাপ্টেন জ্যাক স্প্যারো চরিত্রে যাত্রা শুরু করেন জনি ডেপ। ২০১৭ সাল পর্যন্ত ফ্র্যাঞ্চাইজিটির পাঁচটি সিনেমায় অভিনয় করেছেন তিনি।
বিশ্বজুড়ে সিরিজটির পাঁচটি সিনেমার মোট আয় প্রায় ৪৫০ কোটি ডলার। এর মধ্যে ‘ডেড ম্যানস চেস্ট’ (২০০৬) ও ‘অন স্ট্রেঞ্জার টাইডস’ (২০১১) সিনেমা দুটি এককভাবেই এক বিলিয়ন ডলারের বেশি আয় করেছিল।
তবে ষষ্ঠ কিস্তিতে ডেপের অংশগ্রহণ এখনো নিশ্চিত নয়। অভিনেতার সাম্প্রতিক বক্তব্যে চরিত্রটিতে ফেরার সম্ভাবনার ইঙ্গিত মিললেও চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে গল্প ও চিত্রনাট্যের ওপর।
এস












