রাজধানীর নিকেতন এলাকার বাসিন্দাদের সার্ভিস চার্জ ও বিভিন্ন ফি পরিশোধে ক্যাশলেস পেমেন্ট সুবিধা দিতে নিকেতন ওয়েলফেয়ার সোসাইটির সঙ্গে একটি চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। এ উদ্যোগের আওতায় বাংলা কিউআর স্ক্যান করে বিভিন্ন পেমেন্ট করতে পারবেন বাসিন্দারা।
নিকেতনে সোমবার এক অনুষ্ঠানে ক্যাশলেস পেমেন্ট সেবার উদ্বোধন করা হয়। এ সময় ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান, বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগ-১-এর যুগ্ম পরিচালক জুয়েল মজুমদার এবং নিকেতন ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি অধ্যাপক ড. মো. আবুল বাশার উপস্থিত ছিলেন।
ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিকভাবে নিকেতন সোসাইটির অভ্যন্তরীণ বগি যাত্রী পরিবহন সেবায় বাংলা কিউআর পেমেন্ট চালু হয়েছে। পর্যায়ক্রমে পুরো এলাকায় সার্ভিস চার্জ ও বিভিন্ন ফি পরিশোধের পাশাপাশি ছোট দোকান, সুপারস্টোর, মুদি দোকান, ফার্মেসি ও অন্য স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানে এ সেবা সম্প্রসারণ করা হবে।
ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান বলেন, ‘সারা দেশে ৭৫ হাজারের বেশি মার্চেন্ট পয়েন্টে বাংলা কিউআর সেবা দিচ্ছি আমরা। নিকেতন ওয়েলফেয়ার সোসাইটির সঙ্গে এ উদ্যোগ এলাকাভিত্তিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা সম্প্রসারণে ভূমিকা রাখবে।’ কেন্দ্রীয় ব্যাংকের ক্যাশলেস অর্থনীতির লক্ষ্য বাস্তবায়নে কিউআর নেটওয়ার্ক সম্প্রসারণ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে নিকেতন ওয়েলফেয়ার সোসাইটির জ্যেষ্ঠ সহসভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরী আরিফসহ সংগঠনটির সদস্য ও ব্র্যাক ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।











