সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় দিনাজপুরের জিয়া হার্ট ফাউন্ডেশনকে আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) সুবিধা সংবলিত একটি অ্যাম্বুলেন্স উপহার দিয়েছে এনসিসি ব্যাংক পিএলসি। হৃদরোগীসহ সংকটাপন্ন রোগীদের জরুরি পরিবহন ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়।
সম্প্রতি এনসিসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) মো. জাকির আনাম জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক একেএম আজাদের কাছে অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন। এ সময় ব্যাংকের রাজশাহী শাখার ব্যবস্থাপক কামাল হোসেন; হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য আবু তাহের আবু, খালেকুজ্জামান বাবু, ডা. গোলাম গাউস মন্টু, গোলাম রসুল রকেট, শামীম কবির, পিয়াল আহমেদ ও মোকছেদ আলী মঙ্গলীয়া; ডায়াবেটিক হাসপাতালের সাবেক সাধারণ সম্পাদক সফিকুল হক ছুটু এবং ঢাকাস্থ দিনাজপুর সমিতির সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ আশফাকুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে সচিবালয়ে এক অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন ও প্রতিমন্ত্রী ফারজানা শারমীনের উপস্থিতিতে এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের হাতে অ্যাম্বুলেন্সের চাবি তুলে দেন। পরে মন্ত্রীর পরামর্শে এতে আইসিইউ সুবিধা ও আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজনের পর আনুষ্ঠানিকভাবে ফাউন্ডেশনকে বুঝিয়ে দেয়া হয়।
এ প্রসঙ্গে ব্যাংকের এএমডি মো. জাকির আনাম বলেন, ‘এনসিসি ব্যাংক প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষা, চিকিৎসা, কৃষি, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণ, চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন ও প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তাসহ বিভিন্ন সিএসআর কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় দিনাজপুরের জিয়া হার্ট ফাউন্ডেশনকে আইসিইউ সুবিধাসম্পন্ন অ্যাম্বুলেন্স দেয়া হয়েছে।’ দেশের টেকসই আর্থসামাজিক উন্নয়নে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।











