গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসায় হামলা ও ভাঙচুরের মামলায় আলোচিত অভিভাবক শাহজালাল রুমীকে ৪ সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন দিয়ে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আইনজীবী অ্যাডভোকেট বেল্লাল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালতে শাহজালাল রুমীর জামিন আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুবুর রহমান খান, অ্যাডভোকেট বেল্লাল হোসাইন ও অ্যাডভোকেট এইচ এম রুহুল আমিন মোল্লা।

গাজীপুরের টঙ্গীর আওচপাড়া এলাকার 'ক্বারিউল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায়' শাহজালাল রুমীর সাত বছর বয়সী শিশুকন্যাকে যৌন হয়রানি করার অভিযোগ ওঠে মাদ্রাসার সহ-অধ্যক্ষ মোসলেম উদ্দিনের বিরুদ্ধে। ওই ঘটনাকে কেন্দ্র করে মাদরাসাটিতে হামলা, ভাঙচুর, শিক্ষককে মারধর এবং লুটপাটের ঘটনা ঘটে। এই ঘটনার পর ২৩ অক্টোবর মাদ্রাসার প্রধান শিক্ষক মোহাম্মদ আলমাছ হোসেন বাদী হয়ে শাহজালাল রুমী ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলা করেন।

এই ভাঙচুর ও লুটের মামলায় গ্রেপ্তার এড়াতে শাহজালাল রুমীর পক্ষ থেকে গত ২৬ অক্টোবর হাইকোর্টে আগাম জামিনের আবেদন করা হয়েছিল। হাইকোর্ট শুনানি শেষে তাকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের আদেশ প্রদান করেন।