ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের পরিচালিত সংক্ষিপ্ত বিচার আদালতের মাধ্যমে ২০২৬ সালের অক্টোবর মাসে ৬ হাজার ৭১৪টি ফৌজদারি ও ৫ হাজার ৩৯টি ট্রাফিক মামলা নিষ্পত্তি করা হয়েছে।

বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মো: আকতার হোসেন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

ডিএমপির আইন কর্মকর্তা (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ আতাউল হক জানান, ‘অক্টোবর মাসে মতিঝিল, তেজগাঁও, ওয়ারী, গুলশান, মিরপুর, রমনা, লালবাগ ও উত্তরা বিভাগের মাধ্যমে ৬ হাজার ৭১৪টি ফৌজদারি মামলা নিষ্পত্তি করা হয়। এসব মামলায় ১২ হাজার ৬৭০ জন আসামিকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে ৮ হাজার ২৩৫ জনকে কারাদণ্ড দেয়া হয়েছে।’

এ সময় অর্থদণ্ড হিসেবে ২৮ লাখ ৮৯ হাজার ৬৫০ টাকা আদায় করা হয়। পাশাপাশি নিলাম ও বাজেয়াপ্তের মাধ্যমে ৮০ হাজার ২৩৪ টাকার সম্পদ জব্দ করা হয়। এছাড়া আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও ডিএমপি পুলিশের যৌথ উদ্যোগে ৪১টি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অন্যদিকে, ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে অক্টোবর মাসে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর অধীনে ১ হাজার ২৯৭টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় ১ হাজার ২৯৭ জনকে আসামি করা হয়। একই সময়ে ৫ হাজার ৩৯টি ট্রাফিক মামলা নিষ্পত্তির মাধ্যমে ৭ লাখ ১ হাজার ৮০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের তাৎক্ষণিক বিচার কার্যক্রমের ফলে মহানগরবাসীর মধ্যে বিচার বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আস্থা বাড়ছে। একইসাথে অপরাধীদের মধ্যে শাস্তির ভীতি তৈরি হচ্ছে, যা ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ভূমিকা রাখছে।