কুষ্টিয়ার খোকসায় পুলিশের পৃথক অভিযানে আওয়ামী লীগ নেতা আব্দুল কাদের (৫৭) ও ইয়াবাসহ ঈমান আলী শেখ (৪০) নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

সোমবার (২ নভেম্বর) রাত ১১টা ২৫ মিনিটের দিকে উপজেলার গণেশপুর এলাকায় খোকসা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে আব্দুল কাদেরকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার ২ নম্বর ওসমানপুর ইউনিয়নের গণেশপুর গ্রামের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তাঁর বাবার নাম মৃত হবিবর রহমান।

অন্যদিকে, মঙ্গলবার (৩ নভেম্বর) ভোর ৫টা ৪০ মিনিটের দিকে উপজেলার ৩ নম্বর বেতবাড়িয়া ইউনিয়নের মুকশিদপুর গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে ঈমান আলী শেখকে তাঁর নিজ বসতবাড়ির উঠান থেকে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের আব্দুল শেখের ছেলে।

পুলিশ জানায়, আব্দুল কাদেরকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতা হিসেবে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অপরদিকে, ঈমান আলী শেখের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় খোকসা থানায় মামলা হয়েছে।

পুলিশ আরও জানায়, প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে খোকসা থানা পুলিশের বিশেষ অভিযান ও আইনানুগ কার্যক্রম অব্যাহত রয়েছে।