চলতি বছরের ২৫ জুন কুড়িগ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইনের শিকার ভারতীয় অন্তঃসত্ত্বা নারী ও তার ছেলেকে বিএসএফের কাছে হস্তান্তর করেছে বিজিবি। আজ শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ আইসিপিতে আনুষ্ঠানিক পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিএসএফের কাছে হস্তান্তর করা হয়। এর মধ্য দিয়ে দীর্ঘ পাঁচ মাস পর নিজ দেশে ফিরলেন তারা।

পুশইনের শিকার ওই নারীর নাম সোনালী খাতুন। তিনি পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার পাকুরের দানিশ শেখের স্ত্রী। আর তার ছেলের নাম সাব্বির শেখ, বয়স ৮ বছর।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানানো হয়, আজ সন্ধ্যা সাড়ে ৭টায় চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ আইসিপিতে আনুষ্ঠানিক পতাকা বৈঠকের মাধ্যমে সোনালী খাতুন ও তার ছেলে সাব্বির শেখকে সুস্থ ও নিরাপদ অবস্থায় বিএসএফের কাছে হস্তান্তর করা হয়। এ সময় মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া উপস্থিত ছিলেন।

এর আগে গত ২৫ জুন কুড়িগ্রাম সীমান্ত দিয়ে ৬ ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইন করে বিএসএফ। ওই ৬ জন চাঁপাইনবাবগঞ্জ জেলায় প্রবেশ করলে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের গ্রেফতার করে এবং গত ২২ আগস্ট আদালতের নির্দেশে জেলহাজতে পাঠায়। তাদের মধ্যে সোনালী খাতুন ও তার ছেলেসহ ২ জন নাবালক শিশু ছিলেন। মানবিক বিবেচনায় আদালত ২ ডিসেম্বর তাদের স্থানীয় জিম্মায় প্রদান করেন এবং কূটনৈতিক তৎপরতার মাধ্যমে দেশে ফেরত পাঠানোর নির্দেশনা দেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিজিবি সদর দপ্তরের চেষ্টায় ভারতীয় নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠানোর বিষয়ে সম্মত হয় দুই দেশ। সেই ধারাবাহিকতায় আজ তাদের সসম্মানে নিজ দেশে ফেরত পাঠানো হলো।

মহানন্দা ব্যাটেলিয়ানের অধিনায়ক সাংবাদিকদের বলেন, বিএসএফের অমানবিক পুশইন আচরণের বিপরীতে বাংলাদেশ সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বিজিবি মানবিক মূল্যবোধ, আন্তর্জাতিক আইন ও প্রতিবেশীসুলভ সম্পর্কের প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করে পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ স্বচ্ছ, নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে সম্পন্ন করেছে। বিশেষ করে অন্তঃসত্ত্বা নারী ও শিশুর প্রতি সুরক্ষা এবং চিকিৎসাগত ঝুঁকি বিবেচনা করে বিজিবির এ কার্যক্রম ন্যায়, মানবতা ও দায়িত্বশীলতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

তিনি আরো বলেন, বিজিবি আশা করে, পুশইনসহ এ ধরনের অমানবিক ও আন্তর্জাতিক আইন-বিরোধী কার্যক্রম বিএসএফ বন্ধ করবে এবং ভবিষ্যতে সীমান্তে সৌহার্দ্যপূর্ণ, মানবিক ও আইনসম্মত প্রক্রিয়া বজায় রাখবে।