নিজস্ব প্রতিবেদক:
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেলে অন্তর্ভুক্তির জন্য পৃথক প্রজ্ঞাপন জারির প্রয়োজন হবে না বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) আয়োজিত এক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
শিক্ষা সচিব বলেন, ইতোমধ্যে জারি হওয়া প্রজ্ঞাপনের মাধ্যমেই এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা নতুন পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা পাবেন। সরকারি চাকরিজীবীদের জন্য ঘোষিত গেজেটই এমপিওভুক্ত জনবলের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
এ সময় বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ভাতার জটিলতা সমাধানে সরকারের উদ্যোগের কথা জানান তিনি। তাঁর ভাষ্য, আগে অবসর ভাতার অর্থ পেতে শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিন অপেক্ষা করতে হতো। দায়িত্ব নেওয়ার পর সরকার এ জটিলতা সমাধানে উদ্যোগ নিয়েছে এবং এখন শিক্ষক-কর্মচারীরা অর্থ পেতে শুরু করেছেন।
বর্তমান সরকার পাঁচ লাখ এমপিওভুক্ত শিক্ষককে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে বলেও জানান আবদুল খালেক। তিনি বলেন, শিক্ষার মান ফিরিয়ে আনতে সরকার আন্তরিকভাবে কাজ করছে।
সবার ন্যায়সংগত দাবি পূরণে সরকার কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, শিক্ষকদের শিক্ষকের মতো আচরণ করতে হবে। কারণ, শিক্ষকেরা জাতির বিবেক এবং তাঁদের মাধ্যমে আগামী প্রজন্ম গড়ে উঠবে।
এ ছাড়া জাতীয়করণ করা কলেজের শিক্ষকদের অচিরেই স্থায়ী করার পদক্ষেপ নেওয়া হবে বলে জানান শিক্ষা সচিব। একই সঙ্গে জাতীয়করণ করা কলেজের শিক্ষকদের বদলির ব্যবস্থাও করা হবে বলে তিনি জানান।












