দ্রুত ১৯তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশসহ তিন দফা দাবিতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছেন চাকরিপ্রার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে রোববার (১১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করবেন তারা।
শনিবার (১০ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়। চাকরিপ্রার্থীদের পক্ষে বিজ্ঞপ্তিতে সই করেছেন মতিউর রহমান, আল মামুন ও জোবায়ের আলম শেখ।
বিজ্ঞপ্তিতে চাকরিপ্রার্থীরা বলেন, দেশ ও জাতি গঠনের অন্যতম গুরুত্বপূর্ণ পেশা শিক্ষকতায় যুক্ত হওয়ার স্বপ্ন নিয়ে লাখ লাখ বেকার অপেক্ষা করছেন। অথচ এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদরাসায় হাজার হাজার পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। এ অবস্থায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) দীর্ঘদিন ধরে নতুন শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশ করছে না।
তারা জানান, সর্বশেষ ২০২৩ সালের ২ নভেম্বর ১৮তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। প্রতি বছর শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের বিধান থাকলেও নতুন বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়ায় অনেক চাকরিপ্রার্থীর বয়সসীমা শেষ হয়ে যাচ্ছে।
চাকরিপ্রার্থীরা দ্রুত ১৯তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশ করে যোগ্য ও মেধাবীদের শিক্ষক হওয়ার সুযোগ নিশ্চিত করার দাবি জানান।
চাকরিপ্রার্থীদের তিন দফা দাবি
১. দ্রুততম সময়ের মধ্যে ১৯তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।
২. ১৯তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশের আগে বিশেষ বা অন্য কোনো গণবিজ্ঞপ্তি প্রকাশ করা যাবে না।
৩. ১৯তম শিক্ষক নিবন্ধনের নিয়োগ বিজ্ঞপ্তিতে বয়সসীমা নির্ধারণের ক্ষেত্রে ২০২৫ সালের ১ জুনকে ভিত্তি ধরতে হবে।












