সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পরও শত শত প্রার্থী নিয়োগপত্র না পাওয়ায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) এক বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেন, ভেরিফিকেশনের নামে মেধাবী তরুণদের হয়রানি বা বঞ্চিত করা হলে এর দায় সরকারকেই নিতে হবে।
প্রকাশিত তথ্য অনুযায়ী, ২৭ জেলায় অন্তত ৭৭৮ জন চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থী নিয়োগপত্র পাননি বলে অভিযোগ উঠেছে। রাজনৈতিক, পারিবারিক পরিচয় বা মতাদর্শের কারণে কেউ বঞ্চিত হয়েছেন কি না, তা তদন্তের দাবি জানান তিনি।
মিয়া গোলাম পরওয়ার চূড়ান্তভাবে নির্বাচিতদের মধ্যে যারা নিয়োগ পাননি তাদের তালিকা প্রকাশ, বঞ্চিত করার কারণ জানানো এবং ভেরিফিকেশনের মানদণ্ড জনসমক্ষে প্রকাশের আহ্বান জানান। পাশাপাশি অন্যায়ভাবে বাদ পড়া প্রার্থীদের নিয়োগ নিশ্চিত ও অনিয়মের নিরপেক্ষ তদন্তের দাবি জানান তিনি।












