সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের সব শূন্য পদ দ্রুত পূরণ এবং প্রাথমিক স্তর থেকেই নৈতিক শিক্ষা বাধ্যতামূলক করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

বুধবার (৭ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এসব সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি মাহমুদা হাবিবুরের সভাপতিত্বে বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রতিমন্ত্রী ববি হাজ্জাজসহ কমিটির অন্যান্য সদস্য অংশ নেন।

বৈঠকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরসহ মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তরের ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত সমাপ্য অর্থবছরের খাতভিত্তিক বাজেট ও ব্যয় পরিকল্পনা উপস্থাপন করা হয়।

আলোচনা শেষে দেশের শতভাগ শিশুর প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করতে নতুন বিদ্যালয়ের সংখ্যা বাড়ানোর সুপারিশ করা হয়। পাশাপাশি বিদ্যালয়ের প্রশাসনিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রধান শিক্ষকের সব শূন্য পদ দ্রুত পূরণের তাগিদ দেওয়া হয়।

শিশুদের মূল্যবোধ গঠনে প্রাথমিক স্তর থেকেই নৈতিক শিক্ষা বাধ্যতামূলক করার সুপারিশও করা হয়েছে। একই সঙ্গে বিদ্যালয়ের ফিডিং কার্যক্রমে মানসম্মত খাবার ও শিশুদের পুষ্টি নিশ্চিতের ওপর গুরুত্ব দেওয়া হয়। খাবারের মান বজায় না থাকলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে কমিটি।

এ ছাড়া বিভিন্ন খাতে বরাদ্দ করা সরকারি বাজেটের শতভাগ বাস্তবায়ন নিশ্চিত এবং বিদ্যালয় চলাকালে মাঠপর্যায়ে সরেজমিনে তদারকি জোরদারের আহ্বান জানানো হয়।