প্রশ্নফাঁসের অভিযোগে স্থগিত হওয়া সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের প্রিলিমিনারি নিয়োগ পরীক্ষা আগামী ১৬ অক্টোবর (শুক্রবার) বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। প্রাথমিকভাবে পরীক্ষার এ নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

শনিবার যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ও নিয়োগ কমিটির আহ্বায়ক ডিএম আতিকুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার্থীদের এসএমএসের মাধ্যমে পরীক্ষার নতুন তারিখ ও সময় পুনরায় জানানো হবে।

এর আগে শনিবার সকাল ১১টায় সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা আয়োজনের সব প্রস্তুতি নেওয়া হয়েছিল। তবে পরীক্ষা শুরুর আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। এরপর প্রশাসনিক স্বচ্ছতা রক্ষায় পরীক্ষা স্থগিত করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তদন্তে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।